নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুজন মারা যান।
তিনি আরও জানান, নিহত মাইক্রোবাসচালকের নাম মো. রিপন। তিনি বরিশাল নগরীর বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।