• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা আত্মসাতের অভিযোগে ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
ইয়াবা আত্মসাতের অভিযোগে ওসি প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম নগরীতে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে ইন্সপেক্টর জাহেদ নুরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার সংবাদ প্রকাশ হয় যে, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা এক লাখ ইয়াবার চালান উদ্ধারের পর তা জব্দ দেখিয়ে মামলা না করে আত্মসাৎ করা হয়। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় তৎকালীন বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান কনস্টেবল ইমতিয়াজ হোসেন একটি লাগেজে করে এক লাখ ইয়াবা নিয়ে ঢাকাগামী বাসে চট্টগ্রামে আসছিলেন। কর্ণফুলী শাহ আমানত সেতু অতিক্রম করার পর বাকলিয়া এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও তা আইনি প্রক্রিয়ায় জব্দ না করে নিজেদের দখলে নেওয়া হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

ঘটনার তদন্ত শেষে গত ২৯ এপ্রিল একটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। প্রতিবেদনে তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল–আমিন সরকার, এসআই আমির হোসেন, এএসআই সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনায় এখনও কোনো নিয়মিত মামলা হয়নি। আত্মসাৎ হওয়া ইয়াবার চালানও উদ্ধার করা যায়নি। তদন্ত প্রতিবেদনে ইয়াবা সরবরাহকারী হিসেবে চিহ্নিত মোশাররফকে গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া মাদক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার সুপারিশ করা হলেও সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই।অভিযোগ প্রসঙ্গে ওসি আফতাব উদ্দিন দাবি করেন, তিনি ইয়াবা আত্মসাতের ঘটনায় জড়িত নন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।