চন্দ্রমোহনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় যুবদল নেতা অলিউর রহমান অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 29, 2026, 21:19 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন বরিশাল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ অলিউর রহমান অলি।
এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নে নিজের অবস্থান শক্ত করেছেন। চন্দ্রমোহন ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রচারণায় নামা এই তরুণ রাজনৈতিক কর্মী সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ অলিউর রহমান অলি জানান, তিনি একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার টেকসই উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “জনগণের সহযোগিতা, ভালোবাসা ও দোয়াকে সঙ্গী করেই আমি আগামীর পথ চলতে চাই।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, একজন তরুণ ও সাংগঠনিক নেতৃত্ব এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও সাধারণ মানুষের সেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।