টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সুজন খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 9, 2026, 00:22 AM
টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সুজন খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মোঃ সুজন খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেন সুজন খান। সভায় উপস্থিত অনেকেই তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আহ্বান জানান বলে জানা গেছে। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সুজন খান এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক বিরোধ নিষ্পত্তি, রাস্তা উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা অর্জন করেছেন। তার সহজ-সরল জীবনযাপন ও জনসম্পৃক্ততার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

মোঃ সুজন খান বলেন, “আমি সব সময় জনগণের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের সমর্থন ও দোয়া পেলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গঠনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার জীবনের সম্পর্ক। জনগণের ভালোবাসা নিয়েই তাদের মাঝে থেকে সেবা করে যেতে চাই।”

এদিকে, সুজন খানের প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে তিনি টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সুজন খান।