• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

 

এ নিয়ে চলতি বছরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ারা হলো – ভোলার বাপ্তা ৪ নম্বর ওয়ার্ড চাচরা এলাকার মো. জুয়েলের ছেলে এক বছর চার মাস বয়সী মো. সাবিদ এবং বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বক্কর (৫০)।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু সাবিদকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার মৃত্যু হয়েছে।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, চলতি বছরে বিভাগের ৬ জেলায় মারা গেছেন ৪৭ জন। এছাড়াও বরগুনার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালীতে তিনজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন।

বিভাগের মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এ জেলার সরকারি হাসপাতালে চলতি বছর রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ৩১৫ জন।

এর পরে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১৭৭ জন।

এছাড়াও বিভাগের পিরোজপুরে এক হাজার ৫৭৬, বরিশালে এক হাজার ৭১৮, ভোলায় ৭৩৭ ও ঝালকাঠিতে ৭৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি এডিস মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।