বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 26, 2025, 15:43 PM
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- বাল্কহেডের দুই শ্রমিক জহুরুল ইসলাম (২৫) ও হাসান (২০)। জহিরুলের বাড়ি পটুয়াখালী জেলায় এবং হাসানের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে।

পুলিশ ও স্বজনরা জানান, ভোরে এম বি কাশফা স্নেহা নামে বালুবাহী একটি বাল্কহেড ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নদীর তীরে নোঙর করা ছিল। এসময় সুন্দরবন-১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে বাল্কহেডটিকে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাল্কহেডটি নদীতে ডুবে গেলে ভেতরে থাকা পাঁচ শ্রমিক তলিয়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও জহিরুল ও হাসান নামে দুই শ্রমিক নিখোঁজ। খবর পেয়ে পাগলা নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।

দ্রুত সময়ের মধ্যে নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সদরঘাটে লঞ্চটিকে আটক করে রাখা হয়েছে।