বরিশাল প্রতিনিধি:বরিশালে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে তৃণমূল পর্যায়ের অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গত ২ আগস্ট, রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিএন্ডবি রোড সংলগ্ন সিএন্ডবি ১নং পুল এলাকার বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এই ক্যাম্পে বরিশাল ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ থেকে ৬০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি পড়া ও অন্যান্য জটিলতায় আক্রান্ত প্রায় ৫০ থেকে ৬০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।ব্যতিক্রমী এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সিটি মেয়র জনাব অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার। তিনি ক্যাম্পের প্রতিটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশালের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা সেবা ও অপারেশনের সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।