বরিশালে স্কুলের শিক্ষকদের ওপর বিএনপি নেতাদের হামলার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 5, 2026, 21:11 PM
বরিশালে স্কুলের শিক্ষকদের ওপর বিএনপি নেতাদের হামলার চেষ্টার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত চরকাউয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর বিএনপি নেতাদের হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

 

জানা গেছে, বিদ্যালয়ের এমসিকিউ প্রশ্নপত্র চুরির অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি সভা আহ্বান করা হয়। সভা চলাকালে কয়েকজন শিক্ষকের সঙ্গে উপস্থিত কয়েকজন ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষকদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ইংরেজি শিক্ষক সোহাগের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হোসেন আরশাব এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজালালসহ কয়েকজন তাদের ওপর হামলার চেষ্টা করেন।

এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা দাবি করেন, ২০১২ সালে গঠিত ওয়ার্ড বিএনপির কমিটির পরিচয় ব্যবহার করে মোঃ শাহ আলম টাকার বিনিময়ে প্রশ্নপত্র চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ এবং প্রশ্নপত্র চুরির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

তবে অভিযুক্ত বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া
যায়নি ।