ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 2, 2025, 18:12 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন //ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের দেশ থেকে বিদায় করবে। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের জন্য বাংলাদেশে আর কোনো জায়গা নেই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশালের বেলস পার্ক মাঠে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
চরমোনাই পীর অভিযোগ করেন, গত ৫৩ বছরে ক্ষমতাসীনরা বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের ক্ষোভ এখন তীব্র। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনের সঙ্গে বেঈমানি যারা করবে, দেশের রাজনীতিতে তাদের স্থান নেই।
তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের রোগমুক্তি কামনা করেন।
মহাসমাবেশে ইসলামপন্থী আটটি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।