সড়কে প্রাণ গেল দোকানির, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 5, 2026, 12:34 PM
সড়কে প্রাণ গেল দোকানির, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজশাহীর পুঠিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকরাম নামের এক দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম (প্রায় ৬০) রাজশাহীর সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দরজি ছিলেন। পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলারের দোকান ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় পুঠিয়াবাজার থেকে নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাকের একটি তাকে চাপা দেয় এবং বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং সংশ্লিষ্ট দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তির মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে শুরুতে উত্তেজিত জনতা পুলিশের ওপরও চড়াও হয়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয়রা দিনের বেলায় ওই সড়কে ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। ওসি এসব দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এদিকে ফায়ার সার্ভিস রাজশাহীর উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।