বিগত সরকারের দুর্নীতিতেই আজকের বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বরিশালে মহানগর যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 19, 2026, 18:42 PM
বিগত সরকারের দুর্নীতিতেই আজকের বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বরিশালে মহানগর যুবদলের লিফলেট বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুল সিদ্ধান্ত, দুর্নীতি ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের কারণে দেশজুড়ে তৈরি হওয়া তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের চিত্র জনগণের সামনে তুলে ধরতে বরিশালে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ১৯ অক্টোবর বিকেল ৪টায় বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন-এর নেতৃত্বে সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার এবং কাঠপট্টিসহ মহানগরের বিভিন্ন অভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
দেশব্যাপী চলমান এই জনদুর্ভোগের পেছনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকে দায়ী করে বিতরণকৃত লিফলেটে বলা হয়, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে মাত্র ৩ দশমিক ৬ গুণ।

বিপরীতে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ‘ক্যাপাসিটি চার্জ’ বাবদ জনগণের পকেট থেকে প্রায় ১ লক্ষ ৮১ হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জ্বালানি ও অর্থের সংকটে বিপুল সক্ষমতা থাকা সত্ত্বেও দেশবাসীকে দীর্ঘ ও অসহনীয় লোডশেডিংয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এমনকি ২০২২ সাল থেকে ২০২৪-২৫ সাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে গ্রামাঞ্চলে দৈনিক ১২ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের রেকর্ড তৈরি হয়েছিল, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, এই বিদ্যুৎ সংকট শুধু বরিশালের একক কোনো সমস্যা নয়, এটি আজ সারা দেশের মানুষের প্রধান দুর্ভোগ। আওয়ামী লীগ সরকারের ব্যাংক লিখন, জ্বালানি খাতের লুটপাট ও অর্থ পাচারের কারণেই আজ পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত। তবে এই সংকট কাটাতে জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ রূপরেখা প্রস্তুত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের সংকট কাটাতে এবং আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের মানুষের ওপর থেকে অর্থনৈতিক চাপ কমাতে বিকল্প উৎস সন্ধান ও নতুন শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে ২০২৬ সালের মধ্যে নতুন রিফাইনারি ইউনিট চালুর মাধ্যমে তেল শোধন ক্ষমতা বৃদ্ধি, স্টোরেজ ট্যাংক স্থাপন এবং ২০৩০ ও ২০৪০ সাল নাগাদ নবায়নযোগ্য ও সৌর বিদ্যুৎ উৎপাদনের যে মহাপরিকল্পনা লিফলেটে তুলে ধরা হয়েছে, তা দেশের সামগ্রিক বিদ্যুৎ খাতকে স্বাবলম্বী করে তুলবে।

কর্মসূচিতে মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ কর্মীরা উপস্থিত থেকে সাধারণ পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও রিকশাচালকদের মাঝে এই তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন।