আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 29, 2025, 13:26 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সদর সিও অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ‘ছাত্র-শ্রমিক জনতার খুনি’, ‘গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই’, ‘খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার কর’ ইত্যাদি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।
এসময় বক্তব্য রাখেন আনিসুর রহমান মুন্না, ইঞ্জিনিয়ার নিজাম, নুরুল ইসলাম রাসেল ও জহিরুল ইসলাম। বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কোনো গণহত্যাকারী কিংবা তাদের সহযোগীদের রাজনীতিতে থাকার অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন