নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 7, 2025, 18:52 PM
নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম হোসেন //নিজ নির্বাচনী এলাকায় এসে জনরোষের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত জনতা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিতব্য মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে বাবুগঞ্জে আসেন ব্যারিস্টার ফুয়াদ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন—“স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।”

তার এমন মন্তব্যের পরপরই উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন,
“সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন। এছাড়া চায়না কোম্পানির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন—তা অত্যন্ত অনভিপ্রেত। এ কারণে স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন।”