পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 19, 2025, 11:29 AM
পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দিপংকর শীল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। দিপংকর শীল ওই ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা এবং উমেশ শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দিপংকর শীল দীর্ঘদিন ধরে নিজেকে ‘পল্লী চিকিৎসক’ পরিচয়ে অবৈধভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার কোনো বৈধ চিকিৎসা সনদ না থাকলেও তিনি রোগীদের অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ।

অভিযানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ এবং গলাচিপা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।