বরিশালের বন্দর থানা এলাকায় মা ইলিশ অভিযানের মধ্যেই সিন্ডিকেটের মহা উৎসব দিনে দিনে লাখ টাকার মাছ বেচাকেনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 10, 2025, 22:41 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বন্দর থানার মেয়ারহাট দাখিল মাদ্রাসার সামনের সুপারি বাগান এলাকায় চলছে চিহ্নিত মাছ সিন্ডিকেটের বেপরোয়া বাণিজ্য। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকলেও প্রতিদিনই ওই এলাকায় প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার মাছ বিক্রির মহা উৎসব।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই এলাকায় অবৈধভাবে মা ইলিশসহ নিষিদ্ধ সময়ের মাছ বিক্রি করে আসছে। প্রতিবার অভিযানের সময় এই চক্রটি সক্রিয় হয় এবং প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মৎস্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রশাসনের নীরবতা থাকায় সিন্ডিকেটের সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জেলে জানান,প্রতিবছর এই সময়ে অভিযান চলে, কিন্তু এই বাগানেই মহা উৎসবের মতো করে মাছ বিক্রি হয়। কে কাকে ধরা হবে, তা সবাই জানে!”
অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় সিন্ডিকেট চক্রটি বছরের পর বছর ধরে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
এদিকে, সাধারণ মানুষ ও পরিবেশবাদী সংগঠনগুলো প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে। তাদের মতে, মা ইলিশ সংরক্ষণে প্রকৃত পদক্ষেপ না নিলে দেশের মৎস্যসম্পদ বড় হুমকির মুখে পড়বে।