বরিশালে প্রবাসীর স্ত্রীর অভিযোগ: সেনাসদস্যের প্রভাব খাটিয়ে গালাগালি, মারধরের হুমকি ও জমি দখলের চেষ্টা; থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 10, 2026, 22:51 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি:
বরিশালে প্রবাসীর স্ত্রী নিপু বেগমকে অকথ্য ভাষায় গালাগালি, মারধরের হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক সেনাসদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী নিপু বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তিনি একমাত্র সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি তার বাসার সামনে নির্মাণ কাজের জন্য কেনা ইট রাখা ছিল। সেই ইট নিয়ে বিরোধ সৃষ্টি করে প্রতিবেশী মোঃ জালাল নপ্তি, তার ছেলে সেনাবাহিনীর সদস্য মোঃ সানি নপ্তি এবং বড় ছেলে রানা নপ্তি তার জমির একটি অংশ দখল করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।
নিপু বেগম আরও বলেন, “ওরা সেনাবাহিনীতে চাকরি করার প্রভাব দেখিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, মারধরের হুমকি দেয় এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি একজন অসহায় নারী, আমার স্বামী বিদেশে থাকে। আমার ছোট একটি বাচ্চা আছে। আমি কারো সাথে ঝগড়া-বিবাদ করতে চাই না, শুধু আমার নিজের বাড়িতে নিরাপদে থাকতে চাই।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। তাই তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বন্দর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।