বরিশাল সদর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 30, 2025, 22:00 PM
বরিশাল সদর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। সোমবার দুপুরে তিনি সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় এ্যাড. আবুল কালাম শাহীন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং থাকবে। পূজা একটি সার্বজনীন উৎসব। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর আমরা গণতান্ত্রিক শক্তি হিসেবে সবসময় সম্প্রীতির পক্ষে।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। পূজার সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্রতি বছর পূজা মণ্ডপে এসে খোঁজখবর নেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।