বাড়ির নিচে গুদাম, ৩৭ হাজার লিটার তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 20, 2026, 12:09 PM
বাড়ির নিচে গুদাম, ৩৭ হাজার লিটার তেল উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরে অবৈধভাবে মজুত করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসত ভবনের গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে এমন খবরে র‍্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের সরদার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বসত ভবনের নিচ তলা থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। পরে সোমবার দিনের মধ্যে জব্দ সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। এই অভিযানে মাদারীপুর র‍্যাব-৮ এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিখ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।