গাজায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্লোটিলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 3, 2025, 14:39 PM
গাজায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্লোটিলার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি এই ঘোষণা দেয়। খবর আনাদুলু এজেন্সি। এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে।

পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যোগ দেয় বহরে। সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।

২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় আকারের ত্রাণ মিশন শুরু করে।

তাতে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।

সেই বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছতেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত সব নৌযান আটক করে নিয়ে যায়। জাহাজের আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবু তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি নেতানিয়াহুর সরকার। বরং আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েল আগের মতোই অবরোধ জারি রেখেছে। এই অবস্থার মধ্যেই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো, যা নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক মানবিক মহলে।