প্যানেল চেয়ারম্যানসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 29, 2026, 13:08 PM
প্যানেল চেয়ারম্যানসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের রাজনীতির মাঠে বড় ধরনের মেরুকরণ ঘটেছে। সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের প্যানেল চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী একযোগে বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসেম চোকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবু বকর পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকার।

এই তিন নেতা নেতৃত্বে একযোগে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

নবাগত নেতারা জানান, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছেন তারা। যোগদানকৃতরা আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর বেপারি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর ইতিবাচক প্রভাব আসন্ন সংসদ নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা। যোগদানকারী নেতা-কর্মীরা চাঁদপুর ৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে খুবই ভালোবাসেন। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, থানা সমন্বয়কারী মাসুদ রায়হান, আমিন গাজী, বিএনপি নেতা জয়নাল বেপারী, শ্রমিক নেতা নয়ন, আইনজীবী নেতা অ্যাডভোকেট শামীম হোসেন প্রমুখ।