সংবাদ প্রকাশের পর পূর্বের সময়সূচিতে ববি মেডিকেল সেন্টার, প্রধান চিকিৎসককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 1, 2026, 18:40 PM
সংবাদ প্রকাশের পর পূর্বের সময়সূচিতে ববি মেডিকেল সেন্টার, প্রধান চিকিৎসককে শোকজ
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,ওরাইনা খাঁন চৌধুরী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর পূর্বের সময়সূচিতে চিকিৎসাসেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ রাখার ঘটনায় প্রধান চিকিৎসক ডা. শাম্মী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আগে রাত ৮টা পর্যন্ত খোলা থাকলেও গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার পর চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসে ববি ক্যাম্পাস প্রতিনিধির। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি ’’বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিকেল ৪টার পর মিলছে না চিকিৎসাসেবা “শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি দৈনিক বরিশাল বার্তা ২৪, দৈনিক জনপত্র ও বরিশাল নিউজ ২৪-এ প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এরপর মেডিকেল সেন্টারকে পূর্বের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ রাখার ঘটনায় প্রধান চিকিৎসক ডা. শাম্মী আরা নিপাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত চিঠিতে তাঁকে কারণ দর্শাতে বলা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী মেডিকেল সেন্টারটি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর একক সিদ্ধান্তে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নির্দেশনা অমান্য করার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি সামনে এনে প্রকাশিত সংবাদ এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের ফলে বর্তমানে মেডিকেল সেন্টারটি পূর্বের সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।