হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 17, 2026, 18:53 PM
হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কথিত চিহ্নিত চাঁদাবাজ ও হানি ট্র্যাপ চক্রের মূলহোতা আজহার খানকে গ্রেফতারের ২৪ ঘণ্টা না পেরোতেই জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তার পুনরায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার (১৭ মে) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, আজহার খান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে হানি ট্র্যাপের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

তারা জানান, সম্প্রতি গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে মামলার বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

বক্তারা বলেন, ‘দ্রুত আজহার খানকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। মামলার বাদীকে হত্যার হুমকির ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।’

এ সময় তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।