গলাচিপা উপজেলা সমবায় অফিসে অনিয়মের অভিযোগ, কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 8, 2026, 18:32 PM
গলাচিপা উপজেলা সমবায় অফিসে অনিয়মের অভিযোগ, কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে ক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সমবায় অফিসকে ঘিরে নানা অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন-অর-রশিদের বিরুদ্ধে। স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসটিতে সেবা পেতে ভোগান্তি, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার পরিবেশ তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নতুন সমবায় সমিতি নিবন্ধন কিংবা পুরাতন সমিতির নবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বা ঘুষ দাবি করা হয়। নির্ধারিত সরকারি ফি ছাড়াও বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সমিতি পরিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমিতি সভাপতি বলেন, “অফিসের নিয়মিত কাজ করাতেও আলাদা খরচের চাপ দেওয়া হয়। টাকা ছাড়া ফাইল এগোয় না।”

এছাড়া সমবায় সমিতিগুলোর অডিট কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সমিতির আর্থিক অনিয়ম, হিসাব গরমিল ও দুর্নীতির তথ্য থাকা সত্ত্বেও সেগুলো অডিট রিপোর্টে গোপন করা হয়। বিনিময়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন সদস্য।

স্থানীয়দের আরও অভিযোগ, সমিতির নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। পছন্দের প্রার্থী বা নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। কয়েকটি সমিতির সদস্যরা দাবি করেন, নির্বাচনী তফসিল, ভোটার তালিকা এবং ফলাফল প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের মাধ্যমে স্বচ্ছতা ক্ষুণ্ন করা হয়েছে।

এদিকে ভুয়া, নিষ্ক্রিয় বা কাগজে-কলমে পরিচালিত কিছু সমিতিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত কার্যক্রম না থাকলেও কিছু সমিতি প্রশাসনিকভাবে সুবিধা পাচ্ছে, অথচ সক্রিয় ও প্রকৃত সমিতিগুলো নানা জটিলতায় পড়ে আছে।

অভিযোগ রয়েছে, সাধারণ সদস্য বা সমিতির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হলেও তা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা করা হয়। অনেক ক্ষেত্রে অভিযোগ আমলে না নেওয়া কিংবা ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখার ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন-অর-রশিদ। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি।”

এ বিষয়ে জেলা সমবায় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, গলাচিপা উপজেলা সমবায় অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।