ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বাড়ির পাশের একটি আমগাছে ওঠে। এ সময় পতাকা টাঙানোর বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে লেগে যায়।
এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় নিচে থাকা ফাহিমের চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে মাহিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।