ববিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে কম্পিউটার সায়েন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৬, ২২:৫৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
স্টাফ রিপোর্টার::
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে দর্শন বিভাগ। রোববার বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
দুপুর ১টায় উপাচার্যের উপস্থিতিতে শুরু হওয়া ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দর্শন বিভাগ। আগে ব্যাট করে কম্পিউটার সায়েন্স বিভাগ নির্ধারিত ওভারে ১৪০ রানের লক্ষ্য দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় দর্শন বিভাগ। নির্ধারিত ওভারের শেষ বলে ১৩৯ রান সংগ্রহ করে ম্যাচটি টাই করে তারা। ফলে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে দর্শন বিভাগ ১৮ রান তোলে। জয়ের জন্য ১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কম্পিউটার সায়েন্স বিভাগ মাত্র ৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শন বিভাগের খেলোয়াড় ও সমর্থকেরা।
বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দর্শন বিভাগের মনির ‘ম্যান অব দ্য সিরিজ’ এবং কম্পিউটার সায়েন্স বিভাগের আশিক ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনায় ছিল ক্রিকেট ক্লাব বরিশাল বিশ্ববিদ্যালয়।