বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের নবগঠিত কমিটির উদ্যোগে ভাডার খাল, জর্ডান রোডসহ শহরের বিভিন্ন এলাকায় মশা নিরোধক ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে বরিশাল ইউনিট।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন বরিশাল ইউনিটের নবনির্বাচিত সেক্রেটারি এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মোঃ মামুন রেজাসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলে মিলে ভাডার খাল, জর্ডান রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় মশা নিরোধক ওষুধ ছিটিয়ে পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখতে সচেষ্ট হন।
সেক্রেটারি এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন,
“মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্ট সবসময় পাশে আছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নগরবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তি তৈরি করতে চাই।”
এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি পরিবারকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয়রা রেড ক্রিসেন্টের এই মহতী পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।