দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ, ১৩ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 14, 2025, 14:36 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক// ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব শাস্তি দেওয়া হয়। অভিযানে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়, তাদের মধ্যে কিশোর কাইয়ুম (১৪) নামের এক জেলেকে বিশেষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে টানা অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ সময় ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “মা-ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।” স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মা-ইলিশ রক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সফল করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।