বরিশাল-মাদক, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 23, 2026, 02:54 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট স্কুল প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও ডাকাতি প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।-
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর সহকারী পুলিশ কমিশনার মারজিয়া রহমান। তিনি তাঁর বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানান।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেন চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার শিকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া সদস্য সচিব আব্দুল রশিদ হাওলাদারও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চাঁদপুরা ইউনিয়নের সাধারণ জনগণ।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।