বরিশাল সদর উপজেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ ওবায়দুর রহমান মামুন। তিনি বর্তমানে চাঁদপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা ও নানা ধরনের হয়রানির মধ্যেও এলাকাবাসীর পাশে থেকে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে ওবায়দুর রহমান মামুন বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকতে চান। রাজনৈতিক ভিন্নমত ও নানা চাপে থেকেও তিনি নিজের এলাকায় সবার সঙ্গে মিলেমিশে চলেছেন এবং কখনো কাউকে কষ্ট না দিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছেন।
তিনি জানান, নির্বাচিত হলে একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সাথে থেকেই কাজ করতে চান। এলাকার অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া এবং সবার দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই হবে তার মূল লক্ষ্য। বিগত সময়ে যারা ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের চেয়ে অধিক সেবা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে ওবায়দুর রহমান মামুন বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ৬ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আপনাদের পাশে থেকে সবসময় কাজ করে যাব।”
এলাকাবাসীর মতে, একজন তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ওবায়দুর রহমান মামুন ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।


