চরমোনাই-মেহেন্দিগঞ্জ যাতায়াতে চরম দুর্ভোগ: শাখা নদী খননের দাবিতে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 8, 2026, 16:08 PM
সংবাদটি শেয়ার করুন....
চরমোনাই প্রতিনিধি:
চরমোনাই ইউনিয়ন থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা যাওয়ার অন্যতম প্রধান পথ হলো নগর বাজার খেয়াঘাট। কিন্তু দীর্ঘদিন ধরে নদীর নাব্যতা কমে যাওয়ায় এ পথে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, চরমোনাই ইউনিয়নের বুকেই অবস্থিত নগর বাজার খেয়াঘাট থেকে নলচর, ভোলানাথ, বাগরজা, হাজিরহাট, জাঙ্গালিয়া ও পাতারহাটসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের মেহেন্দিগঞ্জে যাতায়াতের এটি প্রায় একমাত্র পথ। কিন্তু শীত মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় খেয়া নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ভাটার সময় মানুষ একেবারেই পারাপার হতে পারে না, আর জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় পাঁচ থেকে ছয় ঘণ্টা।
এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় অনেক সময় তাদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অসুস্থ রোগী, বৃদ্ধ মানুষ এবং গর্ভবতী নারীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি মুহূর্তে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া অনেক সময় সম্ভব হয় না।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ বছর ধরে এই সমস্যাটি চললেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নদী খনন বা স্থায়ী সমাধানের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই শাখা নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হলে চরমোনাই ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জোর দাবি জানিয়েছেন।