উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 11, 2026, 20:15 PM
উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ পেশাগত মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বরিশালের উজিরপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১১ মে) সকাল ১০টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) এবং বিক্রয় প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া উজিরপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান লিংকন। তিনি বলেন, “ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ।

আমরা চিকিৎসকদের কাছে ওষুধের গুণগত মান, কার্যকারিতা ও সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য তুলে ধরি। আমাদের কাজের মাধ্যমে রোগীরা উন্নত চিকিৎসা সেবা পেতে সহায়তা পান। অথচ অনেক সময় আমাদের অবমূল্যায়ন করে ‘দালাল’ বলা হয়, যা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।”

ফারিয়া উজিরপুর উপজেলা শাখার নাহিদ হাসান বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিদিন বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের চেম্বারে গিয়ে ঔষধের মান ও গণাগুন নিয়ে আলোচনা করেন।অনেক ক্ষেত্রে তাদের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করতে হয়। আমরা দেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠেী। আমরা চাই এই পেশাজীবীদের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক, যাতে তারা আরও নিষ্ঠার সঙ্গে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখতে পারেন।”

এ সময় আরোও বক্তব্য রাখেন আরিফ মাহমুদসহ অনেকে। বক্তারা বলেন, দেশের অন্যতম শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর অংশ হিসেবে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।তারা বলেন, “আমরা কোনো দালাল নই, আমরা বিক্রয় প্রতিনিধি।” এই স্লোগানের মাধ্যমে তারা পেশাটির গুরুত্ব ও সম্মান রক্ষার দাবি জানান এবং অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সবুর হোসেন, ইমরুল হোসেন, জালাল আকন, আবদুর রউফ, মো. রাসেল হোসেনসহ বিভিন্ন কোম্পানির এরিয়া ম্যানেজার ও এমপিওরা। অংশগ্রহণকারীরা বলেন, যদি ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কয়েকদিন তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখেন, তাহলে ওষুধ বিপণন ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

মানববন্ধনের শেষে বক্তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ, স্বাস্থ্য প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তারা আশা প্রকাশ করেন, তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।