প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশ, বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 20, 2025, 08:30 AM
প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশ, বিচার দাবি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশ। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি বড় শহরে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়।

গতকালও রাজধানীর শাহবাগে দিনভর ‘আগ্রাসনবিরোধী সমাবেশ’ করেছে ছাত্র-জনতা। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর আসার পর দ্রুতগতিতে রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হতে থাকেন বিক্ষুব্ধ লোকজন। বিক্ষোভকারীরা ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘বিচার চাই, বিচার চাই’ স্লোগান দেন।
কফিন মিছিল: ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে গতকাল লক্ষ্মীপুর ও নওগাঁ শহরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

গায়েবানা জানাজা: ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গতকাল ছাত্র-জনতার উদ্যোগে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে, ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, খুলনার শিববাড়ি মোড়ে, নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, রংপুর নগরীতে, খুলনা শহরের খুলনা রোড মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন: ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, বরিশাল, ময়মনসিংহ, ভোলা, কুমিল্লা, ফরিদপুর, কক্সবাজার, ফেনী, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, যশোর, গাজীপুর, খুলনা, নাটোর, মেহেরপুর, পটুয়াখালী, নড়াইল, নীলফামারী, রাজবাড়ী, রংপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।