বরিশাল-বাকেরগঞ্জ জামায়াত ইসলাম এর নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 7, 2026, 23:45 PM
বরিশাল-বাকেরগঞ্জ জামায়াত ইসলাম এর নির্বাচনী জনসভা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।বাংলাদেশ জামায়াত ইসলামী বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের উদ্যোগে বাকেরগঞ্জ–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পেয়ারপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কবাই ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবুয়াল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল অঞ্চলের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান রাযী বলেন, সারাদেশে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাকে কেন্দ্র করে যে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, তা অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায়নি। তিনি বলেন, এই জনসমর্থন প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায় এবং অপরাধ ও বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করছে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি বলেন, বাকেরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছে, তবে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনের অভিজ্ঞতা পায়নি। তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠার সময় এখন এসেছে। বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। এ লক্ষ্যে তিনি ভোটারদের জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম, ঢাকা ওয়ারী থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, বাকেরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, চরামদ্দী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন এবং ইসলামী ছাত্র শিবিরের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো. মাহাদী হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় জামায়াতের কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।