বরিশালে চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, আহত বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 15, 2026, 17:11 PM
বরিশালে চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, আহত বাবা-ছেলে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:‎ ‎বরিশাল নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল। গুরুতর অবস্থায় তাদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাসায় গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হয়। পরদিন ভোরে মানিক চন্দ্র শীল চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের ভেতরে তিনি ও তার ছেলে অবস্থান করছিলেন।

বিস্ফোরণে মানিক চন্দ্রের হাত-পা দগ্ধ হয় এবং তার ছেলে মাথায় আঘাত পান। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার একটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আশপাশের জানালার কাঁচ ভেঙে ছিটকে পড়ে।

ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুন লাগার ফলে এই বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।