রাজধানীতে নারীদের হাতে বাসের স্টিয়ারিং, কতটা নিরাপদ ঢাকার রাস্তা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 20, 2026, 21:34 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক ::
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। আজ মঙ্গলবার ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এ বিশেষ বাসসেবা।
বিআরটিসি তথ্য অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।এদিকে নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্য রুটের বাসগুলোও রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে চলাচল করবে।
নারীদের জন্য পৃথক বাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। দীর্ঘদিন ধরেই গণপরিবহনে নারীদের নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে। ফলে নারী চালক ও কর্মীদের মাধ্যমে পরিচালিত এ ধরনের বাস নারীদের যাতায়াতে স্বস্তি ও নিরাপত্তা বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে এর পাশাপাশি সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।ঢাকার মতো ব্যস্ত ও যানজটপূর্ণ মহানগরের সড়কে নারী চালকেরা কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবেন?
রাজধানীর সড়কে প্রতিদিনই অতিরিক্ত যানবাহন, তীব্র যানজট, বেপরোয়া ও বিশৃঙ্খল চলাচলসহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় চালকদের। অভিজ্ঞ চালকেরাও যেখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন, সেখানে নতুন বা তুলনামূলক কম অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা নিশ্চিত করা কতটা জরুরি তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নারী চালক নিয়োগ বা নারীবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগকে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। বরং চালকদের দক্ষতা, প্রশিক্ষণ, লাইসেন্স, সড়ক পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ চালকের সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে, যাতে প্রাণহানির আশঙ্কা থাকে।
তারা বলেন, নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে রাজধানীর মতো ব্যস্ত নগরীতে পূর্ণাঙ্গভাবে চালুর আগে দেশের অন্যান্য তুলনামূলক কম ব্যস্ত শহরে পরীক্ষামূলকভাবে সেবা চালু করে চালকদের বাস্তব দক্ষতা ও প্রস্তুতি যাচাই করা গেলে আরও কার্যকর হতে পারত।
তবে শেষ পর্যন্ত পিংক বাস সার্ভিস কতটা নিরাপদ, কার্যকর ও টেকসই হবে তা নির্ভর করবে চালকদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা, নিয়মিত তদারকি এবং সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার ওপর। নারীদের হাতে বাসের স্টিয়ারিং দেওয়া যেমন একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে, তেমনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও হতে হবে এর প্রধান শর্ত।