লালমোহনে পরীক্ষার্থীদের ওপর বখাটেদের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 12, 2026, 19:50 PM
লালমোহনে পরীক্ষার্থীদের ওপর বখাটেদের হামলা
সংবাদটি শেয়ার করুন....

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পরীক্ষা কেন্দ্রের সামনে দাখিল পরীক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল বখাটে কিশোর। মঙ্গলবার দুপুরে পৌরশহরের লালমোহন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন পরীক্ষার্থী আহত হয়েছে।

আহতদের মধ্যে দাখিল পরীক্ষার্থী মারিয়া আক্তার, তানজিলা বেগম, সামিয়া আক্তার, সাদিয়া বেগম, সাইফুল ইসলাম, মনির হোসেন, মোঃ আব্দুল্লাহ, আরিফ হোসেন, মারুফ হোসেন, মো. শামিম, মো. ইব্রাহিম এবং মো. ফয়সালকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। ঘটনার পর বখাটেদের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান তারা।

দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হাসান হাফিজুর রহমান জানান, গত বুধবার লালমোহন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার পর শরীরে পানি যাওয়ায় নাজিরপুর মাদরাসার শিক্ষার্থী অনিকের সঙ্গে দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।

ওই ঘটনার জেরে দেবীরচর হোসাইনিয়া মাদরাসার শিক্ষার্থীদের নাজিরপুর বাজারে আটকে মারধর করা হয়। মঙ্গলবার কেন্দ্র থেকে পরীক্ষা শেষে দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা বের হলে নাজিরপুর মাদরাসার শিক্ষার্থী অনিক লালমোহন বাজার থেকে কয়েকজন বখাটে কিশোরদের নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করে।

হামলাকারীদের আইনের আওতায় না নিলে পরীক্ষার্থীরা নিরাপত্তহীনতায় পড়বে। এ বিষয়ে অভিযুক্ত অনিককে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।