উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাতলায় সততা মৎস্য ঘেরের পাহারাদার বৃদ্ধ’র উপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ মে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার উত্তর সাতলা গ্রামের নওয়াব আলী মোল্লার ছেলে সততা মৎস্য ঘেরের পাহারাদার মোঃ দেলোয়ার হোসেন মোল্লা(৬৫) কে গত ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার জাকির হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার, হাসেন হাওলাদারের ছেলে মামুন হাওলাদার,মধু মিয়ার ছেলে নুরু মিয়া ও করম আলী মিয়ার ছেলে নুহু মিয়া,সালাম বিশ্বাসের ছেলে হাছিব বিশ্বাস মিলে বৃদ্ধ দেলোয়ার হোসেন মোল্লাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং মুড়িবাড়ি রাস্তার সামনে রাতভর আটক করে রেখে শারীরিক নির্যাতন চালায়।
এ ঘটনায় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত বৃদ্ধ সাংবাদিকদের কান্না করে বলেন,আমাকে ধরে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আমাকে উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চাদা দাবি করে ওই হামলাকারী সন্ত্রাসীরা।
এমনকি আমাকে সাড়া রাত আটকে রেখে মারধর করে পরের দিন সকালে ছেড়ে দেয় এবং চাদা না পেলে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেয়। অভিযুক্তদের পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত বৃদ্ধ বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।