• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশীপুরে গভীর রাতে দুই ডাকাত জনতার হাতে আটক একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
কাশীপুরে গভীর রাতে দুই ডাকাত জনতার হাতে আটক একজনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

রোববার (২৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

গণপিটুনিতে আহত এক ডাকাত নিজের নাম রাজীব ওরফে রাজু বলে জানিয়েছেন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতের নাম উজ্জ্বল, তিনি বাউফল উপজেলার বাসিন্দা। এছাড়া, লুটকৃত টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতদলের আরেক সদস্য বাচ্চুর কাছে আছে বলে দাবি করেছে আহত রাজীব। বাচ্চু বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে গভীর রাতে হানা দেয় একদল ডাকাত। এ সময় তারা পরিবারের সদস্যদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, স্থানীয়রা ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।