তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 24, 2026, 12:01 PM
তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে, যুবক আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যশোরে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটকের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আটক তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি তানভীর পারিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এর পর থেকে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিল। কিছুদিন যেতে না যেতে তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তানভীর তার তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে বাড়ি নিয়ে শারীরিক সম্পর্ক ও গোপনে তার ভিডিও ধারণ করেন। তানভীর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন।

দেখা না করায় গত ১৮ ফেব্রুয়ারি তানভীর তার তালাক দেওয়া স্ত্রীর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তানভীরকে রোববার রাতে আটক করে।