পেট্রল নিতে নিয়ম ভঙ্গ, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 8, 2026, 18:12 PM
পেট্রল নিতে নিয়ম ভঙ্গ, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম না মেনে তেল নেওয়ার দায়ে মোবারক হোসেন (৩০) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা শত শত বাইকারদের ৫শ টাকার তেল দেওয়া হচ্ছিল। বাইকার মোবারক হোসেনকেও ৫শ টাকার তেল দেওয়ার পরেও তিনি লাইন থেকে মোটরসাইকেল সরিয়ে নেননি।

তিনি আরও ৫শ টাকার তেল দাবি করেন। এসময় নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। এতে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় মোবারক হোসেনের।

বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে জানায় পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্প গিয়ে ওই যুবককে বুঝানোর চেষ্টা করলে সে ইউএনওর সঙ্গেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর-১৮৮ ধারা মোতাবেক সরকারি কর্মচারীর যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করে পাম্পে তেল গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।