ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৯৬টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন।
বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
এ সময় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের আত্মপ্রকাশের এক দশক পূর্তিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মাথাল র্যালি কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ৫৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলনের প্রার্থীরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করবেন। কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায়, সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করি।
তিনি বলেন, সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, নির্বাচন পদ্ধতি ক্রমাগত অর্থনির্ভর হচ্ছে। যাদের অর্থের দিক থেকে কম সক্ষমতা আছে, তাদের জন্য নির্বাচন করা কঠিন হয়ে উঠছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, তৌহিদুর রহমান, রেক্সোনা পারভীন সুমি প্রমুখ।