নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউনিয়া থানা পুলিশের এক সফল অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিবরণ পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায়।সেখান থেকে অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দূর্জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।
অভিযানে সৈজদ্দিন হাওলাদারের ছেলে রমজান (২৪)-কে ৪৩ পিস এবং শাহানা (১৯) নামের এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ১৪,৯৬৫ টাকা উদ্ধার করে পুলিশ। পলাতক আসামি ও পুলিশের বক্তব্য কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। ওসি আরও বলেন কাউনিয়া থানা এলাকায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।