• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, আমরা কাঁদতে দাঁড়াইনি, বিচারের দাবি নিয়ে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরব ইনশা আল্লাহ। তিনি আরও বলেন, যে হাদি ৫৬ হাজার বর্গমাইল হেঁটে ইনসাফের জাল বুনতে চেয়েছিল, তার ইনসাফ কোথায়?

মাসুমা হাদি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে রাষ্ট্রের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, “দেশের ১৬ কোটি মানুষ ওসমান হাদি হত্যার বিচার চায়। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, সরকার যদি বিচার চাইত, তাহলে বারবার তদন্ত পেছানো হতো না। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আন্তরিকতার অভাব রয়েছে।

আরেক শিক্ষার্থী মুরসালীন কামাল বলেন, প্রকাশ্যে দিবালোকে ইনসাফের বার্তা বহনকারী হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।