বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 6, 2025, 18:36 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন// বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এম. হায়াত উদ্দিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মিরপুরের বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন সংগঠনের সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এসময় তিনি সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত।” তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সহ-সভাপতি সোহেল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহম্মেদ তাপস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, প্রচার সম্পাদক এস.এম. রফিকুল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিহাবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।