মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 6, 2025, 14:19 PM
মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রিজভী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ মাহফিলে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসুলের শিক্ষা নয়। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছিল, আবারও সে রকম ষড়যন্ত্র চলছে কি না অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

ভেতর থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেওয়ার কথা শোনা যায়নি। এখন হঠাৎ করে এসব নৈরাজ্য কেন করা হচ্ছে।

রিজভী বলেন, আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি- পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।

তিনি আরও বলেন, যিনি আমাদের মডেল, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না। তাকে আমরা কেউ অনুকরণ করি না। এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা। মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।