রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 21, 2026, 12:03 PM
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়
সংবাদটি শেয়ার করুন....

রাজধানী জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত। আজ শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টায় এই জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সকাল ৮টা ২০ মিনিটে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রায় ৫ মিনিট পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে পৌঁছান। এরপর তাঁরা একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, যা দীর্ঘ সময় পর একটি বিরল দৃশ্য হিসেবে দেখা যায়।

ঈদের এই প্রধান জামাতে আরও অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় এক মিলনমেলায়।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। নামাজ শেষে খুতবা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ঈদের এই আয়োজন ঘিরে জাতীয় ঈদগাহ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে এবং নির্ধারিত সময়ের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।